
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা চোরচক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (৯ মে) দিবাগত ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার ভোররাত চারটার দিকে পরিস্থিতি নিয়ে নতুন তথ্য পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যানে করে গরু চুরির উদ্দেশ্যে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক আশপাশের লোকজনকে ডাকেন। এরপর এলাকাবাসী ধাওয়া করে চক্রটির তিন সদস্যকে আটক করে। এ সময় তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
আটকের পর উত্তেজিত জনতা তাদের মারধর করে। একই সঙ্গে চোরচক্রের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।