
মঙ্গলবার (১২ মে) ভোররাতে সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু চক্রের প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।
অভিযানটি ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে পরিচালিত হয়। যৌথ এ অভিযানে তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যুদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানগুলোর অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মোংলা বেইসের একটি দল রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করে।
কর্তৃপক্ষের দাবি, আটক মেজ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নৌযান ও জেলেদের লক্ষ্য করে সশস্ত্র ডাকাতি, জিম্মি করে মুক্তিপণ আদায়সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সে একটি সংঘবদ্ধ বনদস্যু দলের নেতৃত্ব দিত এবং সুন্দরবনের ভেতরে নৌপথে চলাচলকারী জেলেদের কাছে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম ছিল তার বাহিনী।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আটক ব্যক্তির বাড়ি নড়াইল জেলার নড়াগাতী এলাকায় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।