
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হলে পরিচয় ও অভিযোগ যাচাইয়ের কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় মাইজদী পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল।
এ অবস্থায় একটি মিছিল থেকে ১৮ জনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, পৌর ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, জেলায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ জনকে থানায় নিয়ে এসেছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।