
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল উত্তর নরসিংহপুর এলাকার 'মেসার্স একতা ট্রেডার্স'-এর সামনের পাকা রাস্তার ওপর ওত পেতে থাকে। সন্দেহভাজন মাদক কারবারি দিল মোহাম্মদ সেখানে পৌঁছালে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) মূলত দেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের বাসিন্দা। তিনি টেকনাফ থানার বড় হাবিব পাড়া এলাকার মকবুল আহম্মদের ছেলে। টেকনাফ থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন বলে ধারণা করছে পুলিশ।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের কড়াল গ্রাস থেকে জেলাকে মুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে ডিবির এই কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।