
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘুমাতে যাওয়ার পর দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রোববার (৩১ মে) সন্ধ্যায় ২ নম্বর গলির একটি বাসা থেকে মনিকা আক্তার সোমা (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনিকা কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরাপাড়া এলাকার মো. জালালের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় ওই বাসায় বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মনিকা ঘুমানোর কথা বলে নিজের কক্ষে যান এবং দরজা বন্ধ করে দেন। কিছু সময় পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার বাবা ও বাসার অন্য ভাড়াটিয়ারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।