
কিশোরগঞ্জের ভৈরবে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি হাজী আসমত কলেজ ছাত্রদল।
রবিবার (১৪ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ছাত্রশিবির গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা বলেন, গুম, অপহরণ, নারী নির্যাতন ও ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলটি সরকারি হাজী আসমত কলেজ ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।