
‘শিশুশ্রমকে লালকার্ড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রবিবার (১৪ জুন) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস সংহতি প্রকাশ করে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির শিশু প্রতিনিধি পাখি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন, এমজেএসকেএস-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর লুৎফর রহমান এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ।
শিশু প্রতিনিধি পাখি দত্ত তার বক্তব্যে শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করে বলেন, ‘যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করেন তারা নিজেদের স্বার্থে কম মজুরি দেওয়ার জন্যই এটি করছেন, সে হিসেবে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়াটাও এক ধরনের দুর্নীতি।’
অন্য বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মানববন্ধন শেষে দিবস সংক্রান্ত ধারণাপত্র বিতরণ করেন ইয়েস সদস্যরা। কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রাম-এর এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাস।