
চুয়াডাঙ্গার বারাদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বারাদী সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের অদূরে দর্শনা থানার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে শুধু বিদেশি পিস্তলের মূল্য ১ লাখ টাকা।
৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।