
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে মুন্সীগঞ্জে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৫ টায় টায় মুন্সীগঞ্জ রানার্স গ্রুপের উদ্যোগে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীরা দেওয়ান বাজার ও চাম্পাতলা হয়ে নির্ধারিত ইউ-টার্ন নিয়ে পুনরায় পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে দৌড় শেষ করেন।
প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। দৌড় শেষে নির্ধারিত দূরত্ব সফলভাবে সম্পন্ন করা সকল অংশগ্রহণকারীকে ফিনিশার মেডেল প্রদান করা হয়।
এছাড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়।
নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করাই তাদের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।