
পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে একটি বিদ্যালয়ে হামলা ও তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর অভিভাবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শিক্ষিকা। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন (২৮), ধর্মীয় শিক্ষক ঝর্ণা খাতুন সাথী (২৫) এবং শিক্ষিকা সেলিনা বেগম (৫০)। গুরুতর আহত ঝর্ণা খাতুন সাথী বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল খাতুন পাঠ প্রস্তুত না করে আসায় বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা তাকে শাসন করেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি বাড়িতে জানালে তার মা লিপি খাতুন বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি হুমকি দিয়ে চলে যান বলে দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, কিছু সময় পর উজ্জ্বল হোসেন মাল, তার ছেলে বাসির মালসহ কয়েকজন বিদ্যালয়ে এসে শিক্ষিকাদের ওপর হামলা চালান। এ সময় ঝর্ণা খাতুন সাথীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা আল আমিনের ভাষ্য, বিদ্যালয়ের পরিচালককে না পেয়ে অভিযুক্তরা তিন শিক্ষিকাকে মারধর করেন। একপর্যায়ে ঝর্ণা খাতুন সাথীকে গলায় ওড়না পেঁচিয়ে মাটিতে ফেলে টেনে বাইরে নিয়ে যাওয়া হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল খাতুনকে পড়াশোনার বিষয়ে শাসন করার কিছুক্ষণ পর জরুরি কাজে তিনি বিদ্যালয়ের বাইরে যান। সেই সুযোগে শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা বিদ্যালয়ে এসে তিন শিক্ষিকার ওপর হামলা চালান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সালাহউদ্দিন ইউসুফ নিবিড় জানান, আহত শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী বর্তমানে আশঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষিকাদের মারধরের ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।