
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডে খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. শামীম (১৩) ও মো. আফনান (১৪)। শামীমের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকায় এবং আফনানের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামে। তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সকালে তিন বন্ধু স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে নামার পর হঠাৎ স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে শিপন নামে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও শামীম ও আফনান নিখোঁজ হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টঙ্গী পূর্ব থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে প্রায় দুই ঘণ্টা পর, বেলা আড়াইটার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।