
টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের বিশ্বকাপ জয় উদযাপনের সময় নারীর পোশাক পরে নৃত্য করার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদ এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত ৩০ জুন বিশ্বকাপের একটি ম্যাচে ব্রাজিলের জয়ের পর উদযাপনের সময় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালওয়ার-কামিজ পরে নৃত্য করেন। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ একটি গণমাধ্যমকে বলেন, ‘আমিনুল ইসলাম বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। দায়িত্বশীল পদে থেকে নারীদের পোশাক পরে নৃত্য করে তিনি দলকে বিব্রত করেছেন। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।