
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে যাত্রাপুর বাজারসংলগ্ন এলাকায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন ও সদস্যসচিব মালেক সরকার। সঞ্চালনা করেন এনসিপি সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সদর উপজেলা সদস্য রুস্তম, যাত্রাপুর ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ রাজু আহমেদসহ আরও অনেকে।
সভায় এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। দলীয় আদর্শ, ঐক্য, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানান।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।