
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের দিনের হামলার পর বুধবার রাতেও দেশটিতে আরও জোরালো হামলা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। আঙ্কারায় জেলেনস্কির পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি সম্ভাব্য নতুন হামলার বিষয়ে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, "আমি একটু আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি: আজ রাতে আমরা তাদের (ইরান) ওপর খুব জোরালো আঘাত হানতে যাচ্ছি।"
ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ইরানিরা যা করছে, তাতে আমি মোটেও খুশি নই।"
তবে একই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন চায় না। তবে কোনো অবস্থাতেই ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে বিষয়ে ওয়াশিংটনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।