
পারিবারিক বিরোধের জেরে ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক নারী। তবে স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নারী লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী কন্যাকে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসতেই আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর তার মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনায় সাইদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।