
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ দেওয়া অর্থের একটি টাকাও দুর্নীতি বা লুটপাটের সুযোগ পাবে না বলে আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
রোববার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে উপকূলীয় বেড়িবাঁধের অবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “চট্টগ্রামের আনোয়ারার সবচেয়ে বড় সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ নির্মাণের নামে অতীতে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময় তা লুটপাট করা হয়েছে। চলতি অর্থবছরেও বাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, এবারের বাজেটের একটি টাকাও কাউকে দুর্নীতি, লুটপাট হতে দেব না।”
তিনি জানান, উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হবে।
চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বিগ্ন। তিনি সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের সব মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, “চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে। তারা দীর্ঘ সময় ধরে পানি বন্দি আছেন। সরকার অবহেলা হোক আর যে কারণেই হোক, সামাল দিতে পারছে না। এখন দোষারোপ করে লাভ নেই। মূল জিনিস হল মানুষ কষ্ট পাচ্ছে।”
দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক বিভেদ ভুলে সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহ্বান জানান এনসিপির এই নেতা।