
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ঘর হারানো অসহায় বৃদ্ধ কচাকলা ত্রিপুরার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত ওই বৃদ্ধের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন মাটিরাঙ্গা জোন।
সোমবার (১৩ জুলাই) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকা পরিদর্শন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত তার জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের আগামী মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ঘর নির্মাণের কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি বসতঘর সম্পূর্ণ ধসে পড়ে। ঘরবাড়ি হারিয়ে তিনি বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানবিক বিবেচনায় দ্রুত নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
নতুন ঘর পাওয়ার খবরে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। পাশাপাশি তিনি সেনাবাহিনীর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং মানবিক কল্যাণে সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।