
পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার সিঙ্গা বাজার এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়। পরে পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে বিকেল ৪টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।