
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে তদন্ত শেষে ঘটনার ব্যাখ্যা দিয়েছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ বলছে, এটি কোনো হামলা বা ইট ছোড়ার ঘটনা নয়; সড়কে পড়ে থাকা ইটের একটি খণ্ড সামনের গাড়ির চাকার চাপ খেয়ে ছিটকে পেছনের নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে গিয়ে পড়ে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে। ভিডিও বিশ্লেষণ এবং ঘটনাস্থল পর্যালোচনার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, এটি পরিকল্পিত কোনো হামলার ঘটনা ছিল না।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায়। ওই সময় ঢাকা থেকে বরিশালগামী প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কটি অতিক্রম করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বহর থেকে পথের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে হঠাৎ একটি ইটের খণ্ড এসে পড়তে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে এটিকে ‘ইট নিক্ষেপ’ বা ‘হামলার চেষ্টা’ হিসেবে প্রচার করা হয়।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, তদন্তে দেখা গেছে, মহাসড়কে পড়ে থাকা একটি ইটের ছোট খণ্ড সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপ খেয়ে ছিটকে পেছনের গাড়ির সামনে গিয়ে পড়ে। এতে ইচ্ছাকৃতভাবে কেউ ইট ছুড়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরজুড়ে নিরাপত্তাব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে এবং পুরো পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনায় জনমনে বিভ্রান্তির কোনো কারণ নেই বলেও জানান তিনি।