
পাবনার সাঁথিয়ায় একটি ক্যাডেট মাদ্রাসায় মাদক সেবনের অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালকসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে পরিচালিত অন্য অভিযানে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত আটজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২০ জুলাই) গভীর রাতে আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকার ‘বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা’য় আচমকা অভিযান চালানো হয়। এ সময় মাদ্রাসার ভেতরেই মাদক সেবনরত অবস্থায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. শরিফুলসহ চারজনকে আটক করা হয়।
পরিচালক শরিফুল ছাড়া আটক হওয়া অন্য তিনজন হলেন—শহিদুল ইসলাম, রবিন প্রধান এবং আ. রহমান। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চারজনকেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই রাতে আতাইকুলা থানা পুলিশের পৃথক এক অভিযানে এলাকাটির বিভিন্ন স্থান থেকে আরও চারজন মাদককারবারি ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে রিয়নকে ২০ দিন, আলাউদ্দিন ভুঁইয়াকে এক মাস এবং বিল্লাল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে আটক অপর এক ব্যক্তিকেও মাদকের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত আসামিদেরকে এই দণ্ডাদেশ দেন। তিনি আরও বলেন, সমাজ ও এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর সাঁড়াশি অভিযান সামনেও জারি থাকবে।