
বরিশালের গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিদ্যালয় পরিদর্শন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম এ সিদ্ধান্ত নেন।
ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ সরকারি টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানায়। সময়মতো ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থী কোনো শারীরিক ক্ষতির শিকার হয়নি।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার জানান, ঘটনার পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে বিষয়টি অবহিত করা হয়।
রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি প্রতিষ্ঠান থেকে বিদ্যালয়গুলোতে রুটি সরবরাহ করা হয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদন হওয়ায় উৎপাদন প্রক্রিয়ায় ধাতব বস্তু ঢুকলে তা শনাক্ত হওয়ার কথা। তাই আস্ত একটি ব্লেড রুটির মধ্যে থাকা অস্বাভাবিক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেটাল ডিটেকশন বিভাগের কর্মকর্তারা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
ইউএনও মো. ইব্রাহীম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ব্লেডযুক্ত রুটিটি জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিষয়টি জানার পরও তাকে অবহিত না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।