
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রীকে সরানো না হলে পরবর্তী ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হলে দিল্লির গণ্ডি পেরিয়ে সারা ভারতে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি নেওয়া হবে।
সমাবেশে অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র দ্রুত গ্রহণ করা উচিত। তার ভাষ্য, একজন ব্যর্থ মন্ত্রীকে রক্ষা করতে গিয়ে কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে উপেক্ষা করা যায় না।
তিনি আরও অভিযোগ করেন, ইস্যুটি নিয়ে সরকারের প্রতিক্রিয়া আসতে দীর্ঘ সময় লেগেছে। একই সঙ্গে আন্দোলনকারীদের আটকে দিতে প্রশাসনের কঠোর অবস্থানেরও সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে একই ধরনের উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এদিকে চলমান সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত সরকার। তবে বৈঠকের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, সরকারি বাসভবন বা কার্যালয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যন্তর মন্তর বা কনস্টিটিউশন ক্লাবের মতো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত কার্যালয় বা বাসভবনে আলোচনায় অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি।
দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছে সিজেপি।