
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। পানিতে সাদা ফেনা ও অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়া যাওয়ার পর তা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর ফাঁড়িতে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আলীনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা খাবার পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ দেখতে পান। এতে পানিতে বিষাক্ত কোনো পদার্থ মেশানো হয়েছে বলে সন্দেহ করা হয়। তবে বিষয়টি টের পাওয়ায় ওই পানি কেউ পান করেননি। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে কে বা কারা পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রগুলোর দাবি, জঙ্গল সলিমপুর এলাকায় প্রশাসনের বিভিন্ন অভিযানকে বাধাগ্রস্ত করতে অতীতেও একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এর আগে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছিল। সর্বশেষ ঘটনার পর এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।