
মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণের নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এরপর ১১ আগস্ট থেকে পুনরায় মাছ আহরণ শুরু করা যাবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ ও বাজারজাতকরণের অনুমতি–সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধির লক্ষ্যে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পূর্বঘোষণা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে হ্রদের পানির স্তর প্রত্যাশিত পরিমাণে না বাড়া এবং মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙ্গামাটির মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এর ফলে সরকার এবং মৎস্য আহরণের সঙ্গে সংশ্লিষ্ট সবাই দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং মৎস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।