
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা বাংলাদেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।”
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত ‘জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে একটি, দুটি বা চারটি দল আছে, আমরা তা বিশ্বাস করি না। বিরোধী দল একটি, সেটি হলো জামায়াত-শিবির। নতুন যে ছাত্র সংগঠন থেকে এনসিপি নামে দল তৈরি হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী দুটি পক্ষ রয়েছে। একটি জামায়াত-শিবির এবং অন্যটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। প্রতিদিন তারা তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। দেশের মানুষ এখনো ধৈর্য ধরে আছে। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি, কারণ আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এখানে এসেছি।”
বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়েছে। এটি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ যদি অশালীন ও রুচিহীন ভাষা ব্যবহার করতে চায়, সেই সুযোগ বিএনপিতে নেই। তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সজাগ। ইতোমধ্যে অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে কোনো বেয়াদবের প্রশ্রয় নেই।”
তিনি অভিযোগ করেন, “৫ আগস্টের পর তারা শুধু জুলাইকে বিভক্ত করেনি, বাংলাদেশ ও দেশের রাজনীতিকেও বিভক্ত করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে তারা ফাটল ধরিয়েছে।”
এ্যানি বলেন, “২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে আমাদের সামনে কৃষকদল নেতা সজীবকে হত্যা করা হয়েছিল। তখন তারা কোথায় ছিল? গত ১৭ বছর তারা কোথায় ছিল? তারা ৫ আগস্ট-পরবর্তী জুলাইযোদ্ধা। শুধু লক্ষ্মীপুর নয়, সারা দেশের চিত্রই এমন। প্রকৃতপক্ষে আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্যরা।