
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রিপেইড মিটার বাতিল ও ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। এসময় হাতীবান্ধা উপজেলা বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত নেসকো কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন তারা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার মেডিকেল মোড়র লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে করে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেয় এবং ইউএনও'র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামসুল আলম বুলেট, ফারুক হোসেন, ফিরোজ হোসেন ও কমরেড সৈকত।
বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং এর কারনে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারা অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, জনগণের দাবি লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।