
পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসা ডা. রত্ন দী পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকেই।
পৌরসভার তথ্য মতে, পৌরসভার বিভিন্নস্থানে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজেও এটি স্থাপন করা হবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য 'ওয়েস্ট ম্যানেজমেন্ট' একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরবাসী ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে রিসাইকেবল ম্যাটেরিয়ালস এবং ওয়েস্ট ম্যাটারিয়ালস আলাদা করে যদি ডিসপোজ করা হয়, তাহলে নগরের বায়ু দূষণ ও পরিবেশ দূষণ রোধ হবে এবং লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশ উন্নত হবে।
পৌর প্রশাসক সম্রাট খীসা জানান, গ্রীন লক্ষ্মীপুর গড়তে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা করি পৌরবাসী এ কার্যক্রমে সুফল ভোগ করতে পারবেন। তিনি সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার আহবান জানান।