
হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন কুমিল্লার এক দাদি ও তার নাতনি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি ও জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী (১৫)।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাতনি চাঁদনীকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন জোসনা বেগম। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় তারা শাসনগাছা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে দুজনই ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমের সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়।
নিহতদের স্বজন জোহরা বেগম বলেন, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের কাছ থেকে ফোনে জানতে পারেন জোসনা বেগম ও চাঁদনী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে রেলস্টেশনে গিয়ে তাদের মরদেহ দেখতে পান। তারা হাসপাতালে চিকিৎসার জন্য কুমিল্লায় এসেছিলেন বলেও জানান তিনি।
কুমিল্লা রেলওয়ে পুলিশের স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ জানান, রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।