
বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। তাদের অবস্থানের কারণে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ তাদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। বকেয়া বেতন পরিশোধ এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্যই তারা সড়কে নেমেছেন বলে জানান।
বিক্ষোভকারীরা বলেন, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতেও পুলিশ কাজ করে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।’