
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন, সাইফুল ইসলাম এবং শরিফুল ইসলাম ওরফে শরীফ।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পাওয়ার গ্রিড বাংলাদেশের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রিলাক্স কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ।
এ সময় শরিফুল ইসলাম ওরফে শরিফ, হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং সাইফুল ইসলামের কাছ থেকে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ছিল চার কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা।
এ ঘটনায় সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।