
জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব পরে একটি বাড়িতে ঢুকে চুরি ও ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ সময় তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যায়।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে রোয়ার গ্রামের মফিজ উদ্দিন বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মুমিন ও আরিফুল হিজাব পরে চুরির উদ্দেশ্যে বেলালের বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী সাজেদা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। গ্রামবাসী এগিয়ে এলে দুজনই দ্রুত বাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন।
পরে স্থানীয়রা ধাওয়া করে আব্দুল মুমিনকে আটক করেন। তবে আরিফুল ইসলাম সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মুমিনকে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মুমিনকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গ্রামবাসীর সহায়তায় আটক মুমিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।