
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী র্যালি শেষে পরিত্যক্ত স্থান থেকে একটি বড় ও পাঁচটি ছোটসহ মোট ৬টি তাজা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। এতে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সবুজ ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালি চলাকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থানে নিয়মিত মাদকের আড্ডা বসে। এমন তথ্যের ভিত্তিতে র্যালিতে অংশগ্রহণকারীরা স্থানটি পরিদর্শনে যান। সেখানে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়ার পাশাপাশি একটি বড় আকারের তাজা গাঁজা গাছ দেখতে পান তারা। পরে আশপাশে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ছোট গাঁজা গাছ শনাক্ত করা হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কেটে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, "র্যালি চলাকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা জায়গাটি পরিদর্শনে যাই। সেখানে মাদক সেবনের প্রমাণের পাশাপাশি তাজা গাঁজা গাছ পাওয়া যায়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিত্যক্ত স্থানটিতে কারা গাঁজা গাছগুলো রোপণ করেছে এবং নিয়মিত মাদক সেবন করত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনগত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।