
ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলটির নেতা-কর্মীদের সমালোচনা করার পর ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।
জানা গেছে, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক হিসাব থেকে সরাসরি সম্প্রচারে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সম্প্রচারে সাথী জানান, তাঁর দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তার চুরি হয়েছে। এ ছাড়া তাঁর বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। এসব ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তিনি।
বারবার চুরির ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন সাথী। একপর্যায়ে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশের পাশাপাশি বিএনপি সরকারের সমালোচনাও করেন তিনি।
তাঁর এই সরাসরি সম্প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে রাতে রাজনৈতিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁর পার্লারে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পার্লারে ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফেসবুক সরাসরি সম্প্রচারে সমালোচনার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ওসি বলেন, সাধারণ মানুষের মতপ্রকাশ ও সমালোচনা করার অধিকার রয়েছে। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানোর জন্য ওই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।