 আখতারুজ্জামান, শুনানি আজ.webp)
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামিন চেয়েছেন কারাবন্দি মেজর (অব.) আখতারুজ্জামান।
আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসে নিজের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের নির্দেশে তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আখতারুজ্জামান। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
এ ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আঘাত করা, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃতভাবে অপমান এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।