
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আপিল আবেদন দাখিল করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর এক রায়ে গ্রামীণ কল্যাণের করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলে যায়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। পরে ১২ অক্টোবর সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক দুটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ এনবিআরের দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী সময়ে রিটগুলোর ওপর চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে দেন আদালত।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে আগের একটি রায় প্রত্যাহার করেছিলেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ওই বেঞ্চ মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
নতুন বেঞ্চে পুনর্বিবেচনা ও শুনানি শেষে রিট খারিজ হওয়ায় এনবিআরের দাবি করা অর্থ আদায়ের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিলের পর বিষয়টি এখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।