
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ শূন্য থাকা বিভিন্ন আদালতে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের সামনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট সৌরভ হোসেন এবং নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমাসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। মামলার জট ও দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অবিলম্বে বিচারক নিয়োগের দাবি জানিয়ে বক্তারা জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে বিচারকায়ন সম্পন্ন করে বিচারিক কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যবৃন্দ, স্থানীয় আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।