
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়ম নিয়ে মোবাইল ফোনে এসিল্যান্ড রাফিউর রহমানকে প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে তিনি ক্ষিপ্ত হন। এর পরদিন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্য নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে অবৈধ তল্লাশি অভিযান চালান এসিল্যান্ড।
পরবর্তীতে এ তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এসিল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে এসিল্যান্ড রাফিউর রহমান ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, তোকে গুম করা হবে, মামলা দেওয়া হবে, নাকি হত্যা করা হবে তা সময় বলে দেবে।
অভিযুক্ত কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকির প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাজপথে নামেন স্থানীয় সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া এই কর্মকর্তার অভিলম্বে বরখাস্ত ও আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।