
ব্যাংক খাতের রেজল্যুশন ব্যবস্থাকে সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বিলটির বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। পর্যালোচনা শেষে সংশোধিত আকারে বিলটি জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।
এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।