সভায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক, সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তিনি মফস্বলের সাংবাদিকদের প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা ও কথাগুলো নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময়ে সাংবাদিক নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের নানা সংকট ও দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এর মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব ভবনের সম্প্রসারণ, বিগত সরকারের আমলে নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান এবং সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতি সাংবাদিকদের সব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রেসক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।