
জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেলে মিছিলটি বের করা হয়। পরে এটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে একই স্থানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জ্বালানি সংকটের ‘অজুহাতে’ রুমিন ফারহানা ‘অসংসদীয় ভাষায়’ বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তার দেওয়া বক্তব্য আশুগঞ্জ উপজেলা বিএনপি ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে’ বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, রুমিন ফারহানা তার বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৯ সেপ্টেম্বর সংসদে বিএনপির সমালোচনা
গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, সারে যারা গরীব কৃষক আছেন তারা সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না, সেটাও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না।’
গ্যাস-বিদ্যুৎ নিয়েও আগের মন্তব্য
এর আগে গত ২৭ আগস্ট সংসদে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন রুমিন ফারহানা।
সেদিন তিনি বলেছিলেন, ‘গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে, ভালো লোকেরা অবশ্য বলে না—টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়; কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারে না।’