
কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
অবরোধ কর্মসূচি থেকে অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়।
শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
দুই দফা জানাজা শেষে দাফন
এর আগে রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১১টায় কোটবাড়ি গন্ধমতি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপ্রতিমের জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, তার স্বজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান।
সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
মাথায় গুরুতর আঘাতের চিহ্ন
মরদেহ উদ্ধারের পর কুমিল্লা সদর হাসপাতালে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। তার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনও অব্যাহত রয়েছে।