
নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদীর দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ভাটপাড়া বাজার এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় সিএনজিটির সামনের ও ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ সময় সিএনজি চালককে হেফাজতে নেওয়া হয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।