
সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়ল আলিয়া ভাটের প্রথম পোস্টার প্রকাশের পর। পোস্টারে ভিনটেজ সাজে নতুন লুকে দেখা গেছে অভিনেত্রীকে।
পোস্টারে লাল রঙের সিকুইন পোশাকে হাজির হয়েছেন আলিয়া। চুলে রয়েছে পালকের বিশেষ সাজ। অভিনেত্রীর এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পোস্টার প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘আগুনও, হৃদয়ের প্রাণও!’ একই সঙ্গে জানানো হয়েছে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
সিনেমাটিতে রণবীর ও ভিকি দুজনকেই সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। শুটিং চলাকালে সিনেমাটির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে বিমানবাহিনীর পোশাকে রণবীর ও ভিকি কৌশলের একটি ছবি বেশ আলোচনায় আসে।
‘সাওয়ারিয়া’র পর প্রায় দুই দশক পর বানসালির সঙ্গে আবারও কাজ করছেন রণবীর কাপুর। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর দ্বিতীয়বারের মতো বানসালির সঙ্গে জুটি বাঁধলেন আলিয়া ভাট।
বড় বাজেটের এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি নিয়ে সেই আগ্রহ কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।