-6abe8d408bdc5.webp)
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড এবং গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাজমুল ঠাকুরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর ফলে তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব বাতিল করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শ নেওয়া হয়। পরে জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত
জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির জানান, নাজমুল ঠাকুরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। এরপর সংগঠনের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে বহিষ্কৃত নেতা মো. নাজমুল ঠাকুরের পক্ষ থেকে এ সিদ্ধান্ত বা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।