
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে দেশটির কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকালে মাগুরায় এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে চিঠিও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।
এ ছাড়া পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার চার উপজেলার চারটি নারী ও চারটি পুরুষ দলসহ মোট আটটি দল অংশ নেয়।