
শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়। একইদিন বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম মহিবুল ইসলাম (১৫)। সে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, গতকাল স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪ টায় তাকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। একই সাথে তারা মুহিব এর ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এদিকে, এ ঘটনায় একটি চক্র মহিবুলকে অপহরণ করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে। পরে ছেলের সুরক্ষার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নাম্বারে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠায় মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম। পরে সদর থানা পুলিশকে অবগত করে পরিবারের সদস্যরা। এসব বিষয় আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে ডিবি ও সদর থানা পুলিশ। রোববার দুপুর আড়াইটায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মহিবুল গত কদিন আগে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করে। ফলাফল প্রকাশের আগে রেজাল্ট খারাপ হওয়ায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। এছাড়া মহিবুলের পরিবার যদি ওই চক্রের বিষয়ে থানায় অভিযোগ করে। সেক্ষেত্রে তাদের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করবে জেলা পুলিশ।