
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জেলে মো. হানিফ (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ সম্পদ রক্ষায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় এক জেলেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিযানে উদ্ধার করা হয়েছে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের চলমান এ নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।