
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে কন্যাশিশু, নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, কন্যাশিশুরা আজ আর পিছিয়ে নেই। তাদের উপযুক্ত শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারাও বিশ্বজয় করতে সক্ষম। বাল্যবিয়ে রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।