
শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
শুক্রবার ১৬ অক্টোবর দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি’র টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজিবি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ সকলের সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।