
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নদীভাঙনকবলিত চর ভগবতীপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে সর্বস্ব হারানো তিন জন প্রতিবন্ধী ব্যক্তির মুখে ফুটল স্বস্তির হাসি। সোমবার তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ খাদ্যপণ্য সহায়তার প্যাকেজ।
বেসরকারি উন্নয়ন সংস্থা 'ফ্রেন্ডশিপ'-এর 'এফডিআইডিপি' প্রকল্পের উদ্যোগে সোমবার সকালে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা বিতরণ করা হয়।
সংস্থা সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রহ্মপুত্রের তীব্র নদীভাঙনে চর ভগবতীপুরের কিছু পরিবার ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে গৃহহীন হয়ে পড়ে। এতে সবচেয়ে চরম মানবিক বিপর্যয়ে পড়েন এই তিন প্রতিবন্ধী ব্যক্তি। তাঁদের তাৎক্ষণিক খাদ্যসংকট ও কষ্ট লাঘবে এগিয়ে আসে ফ্রেন্ডশিপ।
প্রতিটি খাদ্য সহায়তা প্যাকেজে দেওয়া হয়েছে— ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি চিনি, ১ খাঁচা ডিম, ১ প্যাকেট হুইল পাউডার ও ১টি গোসলের সাবান।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর, ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের ম্যানেজার মো. শফিকুল ইসলাম এবং প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা বিতরণ শেষে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, "ভাঙনকবলিত চরাঞ্চলে প্রতিবন্ধী মানুষের দুর্ভোগ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ফ্রেন্ডশিপের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া এসব পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।"
ফ্রেন্ডশিপের প্রতিনিধিরা জানান, চরাঞ্চলের দুর্গম ও দুর্যোগপ্রবণ এলাকায় সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সার্বিক সহায়তায় তাঁদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।